বরগুনার তালতলীতে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে পনের মণ ওজনের একটি বিশালাকৃতির শাপলাপাতা মাছ। শনিবার (১৩ নভেম্বর) বিকালে মাছটি বিক্রির জন্য মাইকিং করা হয়। পরে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ী খলিলুর রহমান।
জানা যায়, কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ৎ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় একটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য তালতলীতে নিয়ে আসেন মৎস্য আড়তদার খলিলুর। এতো বড় একটি মাছ কেউ না কেনায় খুচরা বিক্রির জন্য মাইকিং করা হয়। এরপর মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
শামীম নামের একজন বলেন, বিকালে মাইকিং শুনে বাজারে মাছটি দেখতে আসি। দাম হাতের নাগালে থাকায় ১৫০০ টাকায় তিন কেজি মাছ কিনেছি।
মাছ ব্যবসায়ী খলিলুর বলেন, তালতলীতে শাপলাপাতা মাছের অনেক চাহিদা রয়েছে। তাই অন্য উপজেলা থেকে ৬০০ কেজির মাছটি ১ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করে নিয়ে এসেছিলাম। পরে মাইকিং করে ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে কেটে বিক্রি করেছি। এতে মাছটি বিক্রি হয় ৩ লাখ টাকায়।
বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, শীতের মৌসুমে জেলেদের জালে এ মাছ ধরা পড়ে। তবে এই মাছ যাতে আর ধরা না হয় আমরা সে পদক্ষেপ নিচ্ছি।

