এএফপি
যুক্তরাষ্ট্র বিষয়ক উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে নির্ধারিত দ্বিতীয় সম্মেলনের প্রাক্কালে তার ওয়াশিংটন প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্ করার লক্ষ্যে তিনি সেখান থেকে ভিয়েতনাম যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়।
কিম হিয়োক চোল স্থানীয় সময় সকাল ১০টার দিকে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এ দিনের শেষ দিকে তিনি একটি বিমানে করে হ্যানয়ের উদ্দেশে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনের প্রাক্কালে মার্কিন প্রতিনিধি দলের সাথে প্রটোকল ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে কিম জং উনের কার্যত প্রধান স্টাফ কিম চাং সন হ্যানয়ে যাওয়ার তিনদিন পর তিনি এ সফরে যাচ্ছেন। কিম হিয়োক চোল ও তার মার্কিন প্রতিপক্ষ স্টিফান বিগুন এ মাসের গোড়ার দিকে পিয়ংইয়ংয়ে তিনদিনের আলোচনা শেষ করেন। বহুল-কাঙ্ক্ষিত সম্মেলনের প্রাক্কালে নিরস্ত্রীকরণ বিষয়ে উভয়পক্ষের অবস্থান বিশদভাবে বিশ্লেষণ করা হয় ওই আলোচনায়।
