আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ৩ চেয়ারম্যান প্রার্থিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তাদের বহিষ্কার করা হয়। সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলের সব পর্যায়ের পদ ও পদবি থেকে ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত প্রার্থিরা হলেন, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিদ্রোহী আনিস মোল্লা, সাহাপুর ইউনিয়নের এখলাক হোসেন বাবু ও সাঁড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব বিশ্বাস জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৩ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২৮ নভেম্বর ঈশ্বরদী ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পাকশী, মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
