বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০০:১৫

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে রবিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হয়েছে। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এবারের প্রতিপাদ্য ছিল- ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

এ উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও সকাল সাড়ে ৮ টায় রোড শো (প্লাকার্ড হাতে সড়কের একপাশে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি) পালিত হয়। করোনা পরিস্থিতির কারণে র‌্যালি বা পদযাত্রার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে গতবারেরও মত এবার এই অভিনব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ ছাড়া, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্র সরোবর, রমনা পার্কের গেটের পাশে, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। বেলা ১০টায় বারডেম মিলনায়তনে অনুষ্ঠিত হয় রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

দুপুর ১২.৩০ মিনিটে বারডেম মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ফারুক পাঠান।

সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী প্রমুখ।

ইত্তেফাক/টিআর