দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
দেবিদ্বারে অবৈধ মাটি কাটা ও নদীর ভিতর থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে দুদক কুমিল্লা জেলার উপ-পরিচালক মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চরবাকর ও খলিলপুর এলাকা থেকে ৫ জনকে আটক করা হয় এবং গোমতী নদীতে মাটি কাটা অবস্থায় দুটি ট্রাক্টর ও নদীতে বালু উত্তোলন অবস্থায় মেসার্স সাথী এন্টারপ্রাইজের একটি ট্রলারসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার প্রমুখ।
কুমিল্লা জেলা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, গোমতী নদীতে অবৈধ মাটি ও বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, চরবাকর, খলিলপুর, লক্ষ্মীপুর, বারেরারচর দেবিদ্বারের হামলাবাড়ি ও বালিবাড়িসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়। গোমতী নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
