দীর্ঘদিন পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির সিনেমা ‘বান্টি অওর বাবলি টু’। প্রায় ১৬ বছর পর ফের বাবলির চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এই সিনেমায় বহু বছর পর সাইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মায়ের অভিনীত সিনেমাটি প্রথমবারের মতো বড় পর্দায় দেখবে আদিরা। এটা ভেবেই টেনশনে আছেন রানী।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই প্রথমবার বড় পর্দায় মাকে দেখবে আদিরা। ও শুরু থেকেই সিনেমাটা নিয়ে খুবই উত্তেজিত। অনেক রকম পরামর্শও দিয়েছে আমাকে। এই সপ্তাহেই ওকে দেখাতে নিয়ে যাব ওর মায়ের ছবি! ও কী বলে, শোনার অপেক্ষায় আছি।’
‘বান্টি অওর বাবলি টু’ সিনেমার শুটিংয়ে রানীর সঙ্গেই ছিল আদিরা।
রানী বলেন, ‘সাইফকে বহু বছর ধরে চিনি। একসঙ্গে প্রচুর সিনেমা করেছি। অনেক দিন পর কাজ করে দুজনেরই খুব ভালো লেগেছে। আমার মেয়ে আর ওর ছেলে, শুটিংয়ের ফাঁকে নিজেদের বাচ্চাদের নিয়েই গল্প করতাম।’
তিনি আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে আমরা পরস্পরকে খুবই সম্মান করি। আমাদের রসায়নের প্রতিফলন তাই পর্দায়ও দেখতে পান দর্শক। এতদিন পরে একসঙ্গে এই সিনেমাটা করতে গিয়ে বুঝতে পারলাম, আসলে আমরা একে অন্যের সঙ্গে কাজ করতে খুবই ভালোবাসি। নিজেরা মাঝে মাঝে বলছিলামও যে, আমাদের জুটি করে আরও বেশি ছবি হওয়া উচিত।’
সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে রানী বলেন, ‘এতদিন পরে যে সিনেমা হল খুলেছে আর কোভিডের ভয় কাটিয়ে সেখানে দর্শক আসছেন, এটা আশার কথা। ‘বান্টি অওর বাবলি টু’ পুরোদস্তুর পারিবারিক সিনেমা। ক্লিন কমেডি বলতে যা বোঝায়, সেটা এ সিনেমায় ভরপুর। তাই আশা করছি, সব বয়সের দর্শক সিনেমাটি উপভোগ করবেন। এত দিন পরে আমাদের ছবি বড় পর্দায় দেখে দর্শকের কী প্রতিক্রিয়া হয়, সেটা দেখার জন্য আমি খুবই উৎসুক।’
ইত্তেফাক/বিএএফ

‘এমনি এমনি কেউ আমার অবস্থান তৈরি করে দেয়নি’