সীমান্ত হত্যা ন্যক্কারজনক ঘটনা: দোরাইস্বামী

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৫:২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। এ জন্য চোরাচালান বন্ধ করতে হবে। 

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল ও মন্দিরের সভাপতি সমর কুমার দাস

এর আগে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজীউঁ মন্দির পরিদর্শন করেন দোরাইস্বামী। সোমবার সকাল ১১টায় মন্দিরটি পরিদর্শন করেন তিনি। এই সময় তার সঙ্গে মন্দির পরিদর্শনে আসেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল এমপি। 

ঐতিহাসিক কান্তজীউঁ মন্দির পরিদর্শনকালে বিক্রম কুমার দোরাইস্বামী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল এমপি

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বাচ্চুসহ প্রমুখ।