বিনোদন রিপোর্ট
‘দেবী’ সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে জয়া আহসান। এরমাঝে ‘ফুড়ুত্’ শিরোনামের নতুন সিনেমা প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। নতুন খবর হলো, শিগগিরই মুক্তি পাবে জয়ার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’।
সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প বিউটি সার্কাস। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখে একজন নারীর আপনশক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। বিউটি সার্কাস-এর শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে চলচ্চিত্রটিতে জয়া সেজেছেন সার্কাস কন্যা বিউটি রূপে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিতে আরো অভিনয় করেছেন তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদ দিদার।
চলচ্চিত্রটি নিয়ে জয়া বলেন, ‘দারুণ একটি গল্প। সত্যিকারের সার্কাস তাঁবুর নিচে শুটিং অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি নিজেও অপেক্ষায় আছি।’
জানা যায়, শিগগিরই মুক্তি পাবে চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার।
