বিনোদন রিপোর্ট
অর্ণবের গান শুনে মোহাবিষ্ট হওয়া, তার কণ্ঠে বুঁদ হওয়া শ্রোতার সংখ্যা হাজার হাজার। যার গানে জীবন খুঁজে পেয়েছে হাজারো তরুণ-তরুণী। সেই মানুষটা যেন গাইতে ভুলে যাচ্ছেন ধীরে ধীরে! দুই দশকের ক্যারিয়ারে অনেকবার স্বেচ্ছায় হারিয়েছেন, আবার কক্ষপথেও ফিরেছেন। নতুন খবর হচ্ছে আবারো ফিরছেন তিনি। নতুন গান শোনাবেন ভক্তদের।
অর্ণব বলেন, ‘আমার হারানোর স্বভাব আছে, মাঝে মাঝে একটু ডুব মারি। তবে আর হারাবো না, এখন কাজের সময়। কাজ শুরু করে দিয়েছি এরইমধ্যে। কলকাতায় গিয়ে কাজ করবো। কলকাতার মিউজিশিয়ানদের নিয়ে কাজের পরিকল্পনা আছে। কাজটা তো অনেকদিন ধরেই করলাম। আমার মনে হলো, এবার মিউজিক করা দরকার। নতুন কিছু
শেখা দরকার।’ এরইমধ্যে ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার কাজ হাতে নিয়েছেন অর্ণব। সুস্মিতা আনিসের জন্য দুটি নজরুলসঙ্গীত করছেন। আগামী ১ মার্চ কেআইবিতে স্টেজ শোও করবেন অর্ণব। এর বাইরেও নতুন বেশকিছু প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তদের জন্যই নতুন করে কাজে নামলাম। নতুন কিছু কাজ নিয়ে শিগগিরই আপনাদের সামনে হাজির হচ্ছি।’
এতবার হারানোর পরও শ্রোতা-দর্শকরা এখনো তাকে বেশ মিস করেন। এ জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞ অর্ণব। তিনি বলেন, ‘তারা সবসময় আমাকে ভালোবেসেছে। সমর্থন করে এসেছে। এমনকি যখন আমি গুটিয়ে নিয়েছি নিজেকে, তাদেরকে হতাশ করেছি, তখনো এই শ্রোতারা আমাকে ছেড়ে যায়নি। আমি শক্তি পেয়েছি। আত্মবিশ্বাস পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বেশ কয়েক মাস আগে বলিউডে কাজ করার কথা থাকলেও সেখান থেকে সরে যান অর্ণব। সুযোগ পেয়েও সরে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘হিন্দিতে তো গান করার অভ্যাস নেই। তাছাড়া প্লেব্যাক করা কী এত সোজা না। আমি নিজের মতো করে গান লিখে গাইতে পারি। কারণ অনেকদিন ধরে আমার সিস্টেমে বাংলা গান ছিল। কিন্তু প্লেব্যাকে গান রেডি করে তাত্ক্ষণিক ইমোশনটা ডেলিভারি দিতে হয়, আর আমার জন্য হিন্দি ভাষা তো আরেকটা বিষয়। বোম্বে ইন্ডাস্ট্রি অনেক দ্রুত
কাজ করে। এ রকম না, আমাকে গান দেবে
আর আমি সময় নিয়ে গাইবো। সেবার হয়নি, কিন্তু সামনে হবে নিশ্চয়ই। আমি যদি ঠিকঠাক থাকি, কাজের মধ্যে থাকি তাহলে আমার মনে হয় কাজ আসবে।’
