সাকিব-তামিম ছাড়া খেলোয়াড় নেই: মেজর হাফিজ

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:১১

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ৯০০ কোটি টাকা ডিপোজিট আছে, এইটা গর্ব করার বিষয় হলো? কয়টা খেলোয়াড় আছে? সাকিব-তামিম ছাড়া আমি তো আর কোন খেলোয়াড় দেখি না। আমাদের আগামীর খেলোয়াড় তৈরিতে কোন পদক্ষেপ নেই।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টস ইউনিটিতে ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজকে ক্রিড়া সংগঠক কারা? খুব খারাপ লাগে, এক সময় মোহামেডান ক্লাবে খেলেছি। আজকে সে ক্লাব নাকি ক্যাসিনোর আড্ডা। মদের বোতল পাওয়া যায়। এটা দেখার আগে মৃত্যু হলো না কেন? রাজনীতিকে খেলাধুলা থেকে দূরে রাখার একটা স্লোগানই ছিল। আজকে বর্তমান সরকার খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে। খেলাধুলা আর আওয়ামী লীগ এক সাথে যায় না। নির্বাচন যেমন আগের রাতে করে, সব ক্ষেত্রেই তারা একইভাবে দুই নাম্বারি কাজ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।


ইত্তেফাক/এনঅ