গুরুতর অসুস্থ কুদ্দুস বয়াতি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২১

বিনোদন রিপোর্ট

 

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের লোকগীতির জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি খাদ্যনালির সমস্যায় আক্রান্ত হওয়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন অবস্থায় আছেন তিনি। কুদ্দুস বয়াতিকে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ইলিয়াস।

তিনি বলেন, ‘গত ৭ থেকে ৮ দিন ধরে একবারে কিছুই খেতে পারছিলেন না আব্বা। দু-দিন আগে আব্বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করাই। এখন এই হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন আছেন তিনি।’

বেশ কিছুদিন ধরেই খাদ্যনালির বিভিন্ন সমস্যায় ভুগছেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহের এমএ আজিজ নামের এক ব্যক্তির সহযোগিতায় তাকে মহাখালীর হাসপাতালে ভর্তি করা হয়। শিগগিরই উন্নত চিকিত্সার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানান ইলিয়াস।

উল্লেখ্য, গতবছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন কুদ্দুস বয়াতি।