রাশিয়ার অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৪:২২

‘রাশিয়ার বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে যে, এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকা ক্রুদের বিপন্ন করছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইটগুলোর একটিকে উড়িয়ে দিয়েছে। সেখানে ধ্বংসাবশেষও তৈরি হয়েছে, যা আইএসএস ক্রুদের ক্যাপসুলে আশ্রয় নিতে বাধ্য করেছে।

বর্তমানে মহাকাশ স্টেশনটি প্রায় ৪২০ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে। সেটিতে সবমিলিয়ে সাত জন ক্রু সদস্য রয়েছে। তাদের মধ্যে চার জন আমেরিকান, একজন জার্মান ও দু'জন রাশিয়ান।

সোমবার (১৫ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আজ দিনের শুরুতে, রাশিয়ান ফেডারেশন বেপরোয়াভাবে তাদের নিজস্ব একটি উপগ্রহের বিরুদ্ধে সরাসরি আরোহণ-বিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক উপগ্রহ পরীক্ষা পরিচালনা করেছে।’

‘পরীক্ষাটি এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি ট্র্যাকযোগ্য অরবিটাল ধ্বংসাবশেষ তৈরি করেছে এবং ছোট অরবিটাল ধ্বংসাবশেষ শত শত হাজার টুকরা। যা এখন সব জাতির স্বার্থকে হুমকির মুখে ফেলেছে’, যোগ করেন তিনি।

এদিকে, রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস ঘটনাটিকে অস্বীকার করেছে। এক টুইট বার্তায় তারা দাবি করেছে, ‘বস্তুর কক্ষপথ আইএসএস কক্ষপথ থেকে দূরে সরে গেছে। এ কারণেই ক্রুরা স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসারে মহাকাশযানে যেতে বাধ্য হয়েছে। স্টেশনটি এখন গ্রিন জোনেই রয়েছে।’

তবে নেড প্রাইস বলেন, ‘এই পরীক্ষাটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী এবং তাদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। পাশাপাশি অন্যান্য মানুষের মহাকাশযান কার্যক্রমেও বাঁধার সৃষ্টি করবে।’

ইত্তেফাক/টিএ