যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫:৩৭

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৪তম, যা গত বছর ছিল ১৭তম। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ এবং ২০২১ শিক্ষাবর্ষে ৮ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিল। আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের উপর সদ্য প্রকাশিত ‘২০২১ ওপেন ডোরস রিপোর্টস অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

১৫ থেকে ১৯ নভেম্বর, আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইন্সটিটিউট যৌথভাবে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কার্যক্রমের ওপর ২০২১ সালের ‌‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করেছে। 

মহামারি করোনা চলাকালীন সময়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা মাত্র ২.৭ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত বিনিময় বৃদ্ধি একটি কৌশলগত অগ্রাধিকার, কারণ আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে উভয় জাতি, জনগণ ও পেশাদার নেটওয়ার্কগুলো উপকৃত হয়।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত যুক্তরাষ্ট্রের নারীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, ‘কোভিড-১৯ যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে দেখা হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত যুক্তরাষ্ট্রের নারীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, কোভিড-১৯ যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে দেখা হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা (প্রতীকী ছবি)

মিজ লাফেভ আরও বলেন, এই অনুষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার পথ খুঁজে পেতে সহায়তা করবে।

তিনি অংশগ্রহণকারীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত চারটি আমেরিকান স্পেসে থাকা এডুকেশনইউএসএ উপদেষ্টাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। 

যুক্তরাষ্ট্র দূতাবাস ‘এডুকেশন ইউএসএ বাংলাদেশ’-এর মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের জন্য বেশ কয়েকটি ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে এ বছরের আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদযাপন করছে। বাংলাদেশে অবস্থিত এডুকেশনইউএসএ-এর পরামর্শ কেন্দ্রগুলো কয়েকটি বিষয়ের উপর ওয়েবিনার আয়োজন করবে; যার অন্তর্ভুক্ত রয়েছে — নারীদের কলেজের উপর অধিবেশন, লিবারেল আর্টস শিক্ষা, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশী শিক্ষার্থী পরিষদগুলোর সাথে কথোপকথন এবং যুক্তরাষ্ট্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় শিক্ষার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়সমূহ। বক্তাদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ, যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভর্তি কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাগণ, যারা তাদের আলোচনায় কীভাবে ভর্তির আবেদন লিখতে হবে, স্কলারশিপ বা বৃত্তি এবং আর্থিক সহায়তা পাওয়ার জন্য কী করণীয় জানানোর পাশাপাশি সম্ভাব্য বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা সংক্রান্ত মনোভাব ও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন।

আরও তথ্য জানতে https://www.facebook.com/EdUSABangladesh অথবা ইমেইল [email protected] এ যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।

ইত্তেফাক/এফএস/কেকে