বেইজিং-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক গভীর ও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠক চলাকালে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শি বলেন, শান্তিতে সহাবস্থান, উইন-উইন সহযোগিতার পথ অনুসরণ এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক সংঘাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরকে সম্মান দেখানো উচিত। এ দুই দেশের এবং সারাবিশ্বের জনগণ এমনটাই প্রত্যাশা করে।
শি উল্লেখ করে বলেন যে, চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশ উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং তারা মানবতার ‘গ্লোবাল ভিলেজ’ এর বহুবিদ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্বের শান্তি ও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে তাদের একত্রে কাজ করা প্রয়োজন।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে নিতে ঐক্য গড়ে তোলার এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের সাথে কাজ করতে প্রস্তুত থাকার কথা ব্যক্ত করে শি বলেন, শান্তিতে সহাবস্থান, উইন-উইন সহযোগিতার পথ অনুসরণে চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরকে সম্মান দেখানো উচিত।
জলবায়ু পরিবর্তন ও মহামারি করোনাভাইরাসের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলাসহ এ দুই দেশের স্ব স্ব উন্নয়নের কাজ এগিয়ে নিতে এবং শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তিসঙ্গত ও অবিচল সম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন শি।
