ইত্তেফাক ডেস্ক
সারাদেশে মাদক বিরোধী অভিযানে অর্ধশতাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বেশকিছু মাদকদ্রব্য। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ৬৯ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশকিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল রোডের একটি ভাড়া বাসা থেকে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী জেলা শহরের লোকসেড এলাকার সাকিল শেখ এবং তার স্ত্রী কাজলী বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভকেশনাল রোডে অবস্থিত এনামুলের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালায়। ভাড়াটিয়া সাকিল সেখের ঘর থেকে বস্তাবন্দি ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। সেই সঙ্গে সাকিল ও তার স্ত্রী কাজলীকে গ্রেফতার করেন। সাকিলের বিরুদ্ধে আরও ৪/৫টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা করেন।
শিবচর (মাদারীপুর): শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর গোলচত্ত্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় শিবচর হাইওয়ে থানার ওসি মো. নবী হোসেন খানের নেতৃত্বে পুলিশের এক টিম কাঁঠালবাড়ী ঘাটগামী একটি যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশী চালায়। এসময় হাওয়া বেগম নামের নারীকে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন খান বলেন, এ ব্যাপারে রাতে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরে এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন তার স্ত্রী। মঙ্গলবার সকালে উপজেলার হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। হরতকিতলা গ্রামের নুরু মিয়া দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় স্টার সিগারেটের ভেতর ইয়াবা ভরে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। স্ত্রী রেহেনা আক্তার বারবার চেষ্টা করেও স্বামীকে মাদক ব্যবসা থেকে ফেরাতে পারেনি। অবশেষে মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহায়তায় ৪০ পিস ইয়াবাসহ স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্ত্রী রেহানা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী নরুকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া (চাঁদপুর): কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মহসিনকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে কচুয়া থানায় মামলা হয়েছে।
সিংড়া (নাটোর): সিংড়ায় ১২ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১০পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
টেকনাফ (কক্সবাজার):কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড জওয়ানরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। জানা যায়, গত সোমবার রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি টেকনাফ স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি দল নিয়ে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ মাঈনুদ্দিন (১৮) নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আটককৃত ইয়াবা ও আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
