এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোচিত পারফরম্যান্স করেছে পাকিস্তান। অল্পের জন্য ফাইনালের মঞ্চে ওঠা হয়নি পাকিস্তানের। বাবর আজমদের পারফরম্যান্স ক্রিকেট দুনিয়ায় নতুন ঢেউ তুলেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভেতরে ভেতরে আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে অনেক দুর এগিয়ে গেছে ইমরান খানের পাকিস্তান। তারই প্রমাণ মিলল আইসিসির ইভেন্টে ঘোষণার দিনে পাকিস্তানের নাম উঠে এসেছে। আইসিসি ঘোষণা করেছে ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে।
আইসিসির ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ খুশি। কতো বছর পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ পেয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা টুইট বার্তায় বলেছেন,‘আইসিসির পূর্ণ আস্থা পাকিস্তানের ওপর। আমাদের ম্যানেজম্যান্ট এবং আমাদের কর্মকাণ্ডের ওপর আস্থা রেখেছে। তারা বুঝতে পারছে পিসিবি বড় আয়োজনের কোনো ঘাটতি রাখবে না।’ তিনি বলেন,‘আমরা আবার ক্রিকেট দুনিয়াকে দেখাব খেলার প্রতি আমাদের ভালোবাসা কতো গভীর। লাখ লাখ দর্শক নিজেদের মাঠের খেলা উপভোগ করবে। খুব কাছ হতে বিশ্ব সেরা তারকাদের খেলা দেখবেন।’
১৯৯৬ সালে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছিল। ২০০৯ সালে পাকিস্তান সফরে আসা শ্রীলঙ্কার বাসে সন্ত্রাসী হামলার পর হতে পাকিস্তান পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মুখ দেখেনি। এরপর ২০১১ সালে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও সেটি আর তারা করতে পারেনি। ২০১১ সালে বিশ্বকাপ আয়োজন করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হলেও আইসিসির টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের দুয়ার খুলতে ২৫ বছর অপেক্ষা করতে হলো। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে, এর আগে আইসিসির অন্য কোনো টুর্নামেন্ট যদি না হয় সেই হিসাবে ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির টুর্নামেন্ট হতে যাচ্ছে।
