ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের ফলে টাঙ্গাইলের পৌলি নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ হলো। দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) আগত একটি অভিযোগের প্রেক্ষিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গত সোমবার এ অভিযান চালানো হয়। স্থানীয় প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে দুদকের টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, র্দীঘদিন যাবত্ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় গত বছর নদী তীরবর্তী এলাকায় বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পড়ে শত শত পরিবার ভিটেমাটিহীন হয়েছে। নদীটি মহা সড়ক ও রেল সেতু সংলগ্ন হওয়ায় এ মাটি ও বালু উত্তোলনের ফলে ব্রিজ ও রেলসেতু অচিরেই হুমকির সম্মুখীন হবে। এ পরিস্থিতিতে দুদক টিম অভিযান চালায়। অভিযানে গিয়ে দুদক টিম লক্ষ্য করে, উক্ত এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে বিস্তীর্ণ এলাকায় গভীর গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে বালু উত্তোলন হচ্ছে বিধায় হয়ে স্থানীয় প্রশাসনকে ২৪ ঘন্টা অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। এ প্রেক্ষিতে প্রশাসন ও দুদক গত সপ্তাহে এবং গতকাল দুইদিন অভিযান চালায়।
