চাঁদপুরের হাজীগঞ্জে একটি মসজিদের সামনে বসে ছিল অজ্ঞাত পরিচয়ে দুই বছরের এক কন্যাশিশু। নাম জিজ্ঞেস করলে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আনুমানিক দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদে কোনো নাম-ঠিকানা জানাতে পারেনি। পরে ওসি হারুনুর রশীদ শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
শিশুটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি হারুনুর রশিদ।
