সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৬৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গতদিনের তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।
বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দেশে করোনায় ২১৩ রোগী শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়।
এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। আর ছয়জনের মৃত্যু নিয়ে মহামারিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, দুইজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।
চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি। ৩২টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
