সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

স্বাধীনতা বিরোধীদের

 মনোনয়ন না দেওয়ার

দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এছাড়া জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন।

গতকাল সকালে গলাচিপা উপজেলার স্বাধীনতার পক্ষের সকল পরিবারের ব্যানারে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গলাচিপা যুবলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন কামাল, ফিরোজ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

তিতাসে দোয়া মাহফিল

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেড বেতন (দ্বিতীয় শ্রেণি গেজেটেড) প্রাপ্তিতে সরকারের উত্তরোত্তর সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সোমবার উপজেলার কৃষি অফিস মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন তিতাস উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান মিতু, উপজেলা প্রকৌশলী মো. মহীত উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, পল্লী বিমোচন কর্মকর্তা মো. ইউনুস মিয়া প্রমূখ।

গৌরীপুরে ট্রেনে কাটা

পড়ে একজনের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোস্তফা (৪০)। তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ-ভৈরব রেলপথে উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন জানায়, মোস্তফা একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি ছিল। এলাকায় তিনি উন্মাদের মত  ঘোরাফেরা করতেন। ঘটনার দিন সকালে গৌরীপুর জংশন স্টেশন থেকে ছেড়ে আসা ভৈরবগামী ঈসাখাঁ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সরাইলে মাদকের টাকা

নিয়ে বিরোধে যুবক খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইলে মাদকের টাকা নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে এক যুবক খুন হয়েছে। তার নাম শাহীন খাঁ (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে শাহীন খাঁ উপজেলার পানিশ্বর এলাকায় আসে। সে কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত রাইস মিলে সে অস্থায়ীভাবে শ্রমিক হিসেবে কাজ করতো। সে মাদকাসক্ত ছিলো। ইতোমধ্যে দেওবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী নাঈম মিয়ার সাথে তার সখ্যতা গড়ে উঠে। সেই সখ্যতায় উভয়ের মধ্যে মাদক কেনা-বেচা চলে। ওই রাতে শাহীন খাঁ ও নাঈম মিয়ার মধ্যে দেওবাড়িয়া বাজারে মাদক কেনার টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে নাঈম মিয়া ও তার দুই সহযোগী শাহীন খাঁকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি

মেডিক্যাল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের প্রত্যন্ত কাশীনগর গ্রামের মন্দির প্রাঙ্গণে অবহেলিত ঋষি সম্প্রদায়ের  লোকজনদের দিনব্যাপী এ চিকিত্সা সেবা  দেয়া হয়। ক্লাব সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ শাহাজাদার তদারকিতে রোটারিয়ান চিকিত্সক মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে  রোটারিয়ান ডাঃ এফ জামান, রোটারিয়ান ডাঃ সুখেন্দু বিশ্বাস তালুকারসহ ৭ জন চিকিত্সক দিনব্যাপী এ চিকিত্সা সেবা পরিচালনা করেন।

খুলনায় খুদে ডাক্তার কার্যক্রম

বিষয়ে অ্যাডভোকেসি সভা

খুলনা অফিস মঙ্গলবার খুলনায় খুদে ডাক্তার কার্যক্রম বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম আওতায় আগামী ২ থেকে ৭ মার্চ দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে খুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই খুদে ডাক্তার নির্বাচিত করা হবে। নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। অ্যাডভোকেসি সভায় সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ অংশগ্রহণ করেন।

বরিশালে কলেজ ছাত্র

হত্যার বিচার দাবি

বরিশাল অফিস বরিশালের বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রুবেল হত্যার বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে রুবেলের সহপাঠি ও বন্ধু মহলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। রুবেলের সহপাঠি রাফসান আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি শাহিন খান, তানভীর হোসেন, মো. মুন্না, রুবেলের চাচা ও মামলার বাদী নাসির উদ্দিন প্রমুখ। গত ১৪ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু উদ্যানে রাফসান আহমেদের বোন সাওদাকে উত্যক্ত করছিলো এ সময় রুবেল প্রতিবাদ করলে নেশাগ্রস্ত মেহেদী হাসান রনি ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় জনতা ঘাতক রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আফরোজ খান মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

ময়মনসিংহ প্রতিনিধি গতকাল মঙ্গলবার ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জিলা স্কুল ছাত্রাবাস মাঠে অনুষ্ঠিত হয়। আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষিকা মোহছিনা খাতুন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

০