ছাত্রলীগ নেতাকে ইউপি চেয়ারম্যানের হুমকি

‘ব্যাটা অবস্থা খারাপ করি দেবো’ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:০৪

লালমনিরহাটের হাতীবান্ধায় রাজাকার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মারুফ হাসান (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে  মারুফ হাসান  বাদী হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্ত নুরুল আমিন উপজেলার সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মারুফ হাসান মিরু উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক। 

অভিযোগ-সূত্রে  জানা গেছে, বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মারুফ হাসান মিরু তার নিজ ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখিছেন, রাজাকার আব্দুল গফুরের ছেলে সাবেক শিবির নেতা নুরুল আমিনকে ইউপি নির্বাচনে সিন্দুরনা ইউনিয়নের চেয়ারম্যান পদে যেন দলীয় মনোনয়ন দেওয়া না হয়। এই স্ট্যাটাস দেওয়ার পর রাত ১০টার দিকে নুরুল আমিন তাকে  মোবাইলফোনে কল দিয়ে প্রাণ নাশের হুমকি দেন।  
    
এ বিষয়ে মারুফ বলেন, ‘‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেন সিন্দুরনা ইউনিয়নে কোনো রাজাকার পুত্রকে দলীয় মনোয়ন দেওয়া না হয়, তা নিয়ে আমি একটি স্ট্যাটাস দেই। সেই পরিপ্রেক্ষিতে সিন্দুরনা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন  আমাকে প্রাণ নাশের হুমকি দেন। আর বলেন, ‘ব্যাটা অবস্থা খারাপ করি দেবো।’ আমরা জমজ দুই ভাই। আমাকে হুমকি দেওয়ায় আমরা দুই ভাই নিরাপত্তাহীনতায় ভুগছি। নুরুল আমিন রাজাকারপুত্র। তিনি সবই করতে পারেন। যেকোনো সময় আমার ও আমার পরিবারের ক্ষতি করতে পারেন।’   

 
অভিযোগের বিষয়ে সিন্দুরনা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আমি তাকে হুমকি দেইনি। শুধু ফোনে কথা বলেছি। এছাড়া আমার পরিবারের কেউ রাজাকার নন।, তালিকায় যে নাম রয়েছে তা এডিট করা।’

 এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে মঙ্গলবার রাতে নুরুল আমিনকে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে মেডিক্যাল মোড় গোল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান। তিনি বলেন, ‘চিহ্নিত রাজাকারের সন্তান নুরুল আমিনকে নৌকার মনোনয়ন দেওয়ার পাঁয়তারা চলছে। আমিন তালিকাভুক্ত কুখ্যাত রাজাকারের সন্তান। আমিনকে নৌকার মনোনয়ন দিলে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো মনোনয়ন দেওয়া হয়নি।

ইত্তেফাক/এনই