সঞ্জিত সাহার বিরুদ্ধে নেই সুনির্দিষ্ট অভিযোগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

বোলিং অ্যাকশনের পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

দেশের মাটিতে ২০১৬ সালে যুব বিশ্বকাপেই রিপোর্টেড হয়েছিল সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন। আইসিসির ল্যাবে পরীক্ষা দিয়ে বৈধতা পেয়েছিলেন তখন। তারপর বদলেছেন বোলিং অ্যাকশন। সাইড আর্ম অ্যাকশনেই এখন বোলিং করেন তিনি। কিন্তু নতুন অ্যাকশনেও বার বার হোঁচট খেতে হচ্ছে প্রতিশ্রুতিশীল এই অফস্পিনারকে।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সন্দেহ দূর হচ্ছে না সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে। দুইবার বিসিবির রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়ে বৈধতা পাওয়ার পরও সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রিপোর্টেড হয়েছে তার বোলিং অ্যাকশন। যার কারণে গতকাল তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে তিনটি ম্যাচ খেলা সঞ্জিত সাহা।

তবে এবার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। নির্দিষ্ট ডেলিভারি নিয়েও সন্দেহ নেই আম্পায়ারদের। বিসিবি একাডেমি মাঠে গতকাল পরীক্ষা শেষে সঞ্জিত সাহা বলেছেন, ‘নির্দিষ্ট কোনো ডেলিভারি নিয়ে সন্দেহ নেই। হয়তো একটু ব্যতিক্রমী অ্যাকশন বলে রিভিউ কমিটিকে আবার দেখতে বলেছেন তারা। আজকে (গতকাল) পরীক্ষা দিলাম, ভালোই হয়েছে। কোনো সমস্যা ধরা পড়েনি।’

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির আহমেদ নাসুও জানালেন, সঞ্জিত সাহার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। গতকাল তিনি বলেছেন, ‘এটা অভিনব, নির্দিষ্ট কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। আম্পায়াররা বলছে, কিছু ডেলিভারি, তবে কোন ধরনের ডেলিভারি সেটা নিয়ে কিছু বলেনি। এবার আমরা চিন্তা করেছি আম্পায়ারদের নিয়ে বসে, একবারে ম্যাচ ভিডিওসহ, কারণ বিপিএলের সব ম্যাচ (ভিডিও) আছে, সব মিলে তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব।’

বৈধতা পাওয়ার পরও বার বার রিপোর্টেড হওয়ায় বোলিংয়ে মনোযোগী হওয়া কঠিন এই তরুণ স্পিনারের জন্য। গতকাল সঞ্জিত সাহা বলেছেন, ‘এটা আসলেই বেশ মানসিক চাপের। তৃতীয়বার পরীক্ষা দিলাম। আশাকরি এবারও সবকিছু ঠিকই আছে।’

বিপিএলে রিপোর্টেড হয়েছিলেন আরও দুই অফস্পিনার। যাদের মধ্যে গতকাল রংপুর রাইডার্সের হয়ে খেলা নাহিদুল ইসলাম পরীক্ষা দিয়েছেন। তবে পরীক্ষা দিতে পারেননি ঢাকা ডায়নামাইটসের আলিস ইসলাম। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার পরীক্ষা সহসা হচ্ছে না। এছাড়া গতকাল প্রথম বিভাগ ক্রিকেটে খেলা বাঁহাতি স্পিনার ওমর শহীদও পরীক্ষা দেন। চার-পাঁচদিনের মধ্যেই ফলাফল জানানো হবে বলেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির আহমেদ নাসু। বৈধতা পেলে সঞ্জিত সাহা, নাহিদুলরা বোলিং করতে পারবেন ঢাকা প্রিমিয়ার লিগে। যদিও সোমবার প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত ছিলেন সঞ্জিত সাহা।