যশোরে ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৯:৫১

যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া কবরস্থহান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩০) নামে এক তাঁতী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত কাকন যশোর জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক। তিনি ঐ এলাকার আব্দুল হামিদের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হামিদের ছেলে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বারান্দী মোল্লাপাড়া ভাড়া বাসা এলাকার কবরস্থানের পাশে তিন রাস্তার মোড়ে নারায়ন ষোষের চায়ের দোকানে কাকন বসেছিলেন। এসময় ২-৩ জন যুবক দোকানের সামনে এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই কাকনকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তারা দ্রুত ভৈরব নদীর দিকে চলে যায়। স্বজনরা আহত কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় বিশ্বাস মৃত ঘোষণা করেন। 

ছবি: সংগৃহীত

তিন বলেন, ‘হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’ তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি। 

নিহত কাকনের মা সুফিয়া বেগম বলেন, ‘কীভাবে কারা আমার কাকনকে মেরেছে কিছু বলতে পারব না।’ তার স্ত্রী এক সন্তানের জননী শারমিন পারভিনও কিছু বলতে পারেননি। 

ছোটভাই রিফাত বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি। ভাইয়াকে এভাবে হারিয়ে ফেলবো ভাবিনি।’

কোতয়ালী মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘হত্যাকারী যেই হোক, তাদের আটকের বিষয় পুলিশ কাজ করে যাচ্ছে।’

ইত্তেফাক/এএএম