ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের সদস্য আহমদ জাইন আন-নাজাহকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। এ সময় তার আরও দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। গ্রুপটি ২০০২ সালে বালির নাইটক্লাবে বোমা হামলা চালানোর জন্য অভিযুক্ত। ওই হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছিল।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র রুশদি হারটোনো জানান, গত মঙ্গলবার তাদের (আহমদ জাইন আন-নাজাহ) গ্রেফতারে জাকার্তার কাছে অভিযান চালানো হয়।
এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জেআই শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের জন্য তহবিল পেতে একটি দাতব্য সংস্থা স্থাপন করে। এর মধ্যে কিছু তহবিল জেআই নিজেদের সংগঠিত করতে ব্যবহৃত করে থাকে। আর আহমদ জাইন আন-নাজাহ দাতব্য সংস্থাটির ধর্মীয় বোর্ডের সদস্য। সংস্থাটি জাকার্তাসহ সুমাত্রা এবং জাভা দ্বীপপুঞ্জের শহরগুলোতে কাজ করছিল।
ইত্তেফাক/টিএ
