আত্মশুদ্ধির জন্য গোবর খেয়েছেন চিকিৎসক

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬:১৫

শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করতে গোবর খাওয়ার বিকল্প নাই বলে দাবি করেছেন ভারতের হরিয়ানা রাজ্যের এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তাল। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তাল। ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নেন এবং জানান তার মা প্রতিদিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।

মনোজ মিত্তালের মতে গোবর মানুষের শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করে। এছাড়াও মহিলাদের গর্ভাবস্থায় যদি গোবর খাওয়ানো হয় তবে তাদের সন্তান প্রসবের প্রক্রিয়াটি সাধারণভাবেই হবে। কখনোই প্রসবের জন্য শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা নেই।

সম্প্রতি গোমূত্র ও গোবর নিয়ে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছিলেন, গোমূত্র ও গোবর অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে পারে। এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমার বিশ্বাস একদিন আমরা এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়িত করতে পারবো। 

ইত্তেফাক/এএইচপি