টাইগাররা কী হোম গ্রাউন্ডে পাকিস্তানকে আটকাতে পারবে

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছে ভরাডুবি। তার রেশ কাটতে না কাটতেই একই টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট পাকিস্তানের সামনে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে ৫ ম্যাচ খেলে টাইগাররা জিততে পারেনি একটি ম্যাচও। তবে, হোম কন্ডিশনে তারা যেকোনো দলের জন্যই শক্তিশালী প্রতিপক্ষ। সে দিকেও নজর রাখতে হবে পাকিস্তানকে। 

ক্রিকেটের অন্যতম বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ৫ ম্যাচেই জিতেছিলো পাকিস্তান। কিন্তু, সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির ওই ম্যাচটিতে অনেকটা নাটকীয়ভাবেই বিদায় নেয় পাক বাহিনী।

পাকিস্তান অবশ্যই তাদের ভালো পারফর্মেন্সের ধারাবাহিকতা আসন্ন সিরিজেও ধরে রাখতে চাইবে। ব্যাটিং অর্ডারে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান বরাবরই ভালো শুরু এনে দিচ্ছেন। মিডল অর্ডারে আছেন ফখর জামান, সঙ্গে শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার। যদিও ঢাকার স্লো পিচে বোলারদের দায়িত্ব হবে আরও গুরুত্বপূর্ণ।

শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি যেকোনো ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সঙ্গে আছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খানের মতো কৌশলি স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে শাদাব খানের বোলিং পারফর্মেন্সের কথা ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেকদিন।

অন্যদিকে, বাংলাদেশের ওপেনিং ও টপ অর্ডারে নেই লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের মতো ব্যাটার। তাদের জায়গায় দলে ঢুকেছেন নাজমুল শান্ত, সাইফ হাসান ও ইয়াসির আলি। বোলিং ইউনিটে জায়গা পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অনেকদিন পর স্কোয়াডে একজন লেগ স্পিনার রেখেছেন নির্বাচকরা।

মাহমুদউল্লাহ রিয়াদের এই অনভিজ্ঞ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মনোযোগী হতে হবে নিজের পারফরম্যান্সেও। নাঈম শেখের পাওয়ার প্লে-তে আরও ভালো করতে হবে। বিশ্বকাপে বাজে সময় কাটানোর পরও নির্বাচকরা আফিফ হোসেন ও নুরুল হাসানের ওপর বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাসের প্রতিদান ব্যাট হাতে রান করে তারা দিতে চাইবেন।

বাংলাদেশের বোলিং বরাবরের মতোই আশা জাগাচ্ছে। তাসকিন আহমেদ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৬.৫০ গড়ে নিয়েছেন ৬টি উইকেট। সঙ্গে আছেন নিজেকে খুঁজে ফেরা মুস্তাফিজুর রহমান। এই সিরিজে ভালো বোলিং করে ঘুরে দাঁড়াতে চাইবেন কাটার মাস্টার। সাকিব আল হাসান এই সিরিজ থেকে ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। তার অনুপস্থিতিতে নাসুম আহমেদের ভালো কিছু করে দেখাতে হবে। সঙ্গে পাবেন মেহেদি হাসানকে।

ইত্তেফাক/এএইচপি