এফএ কাপের শেষ আটে ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক
ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে এফএ কাপে আত্মসমর্পণ করলেও চাকরি খোয়ানো নিয়ে শঙ্কিত নন চেলসি কোচ মাউরিজিও সারি। অপরদিকে জয়ের পর পল পগবা জানিয়েছেন কোচ ওলে গুনার সোলসার যেমন তাদের উপর আস্থা রাখেন, তারাও একই প্রতিদান দেন কোচকে।
চেলসি কোচ গত সোমবার রাতে ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের মাঠে দলের ২-০ গোলের পরাজয় প্রত্যক্ষ করেন। এরপর থেকেই বরখাস্ত হওয়ার চাপে আছেন এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়নদের ইতালিয়ান কোচ।
পল পগবার ক্রসে আন্দের হেরেরা হেডে ৩১ মিনিটে গোলের সূচনা করেন। এরপর ডাইভিং হেডে ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ করেন পগবা নিজেই। ক্ষুব্ধ চেলসি সমর্থকরা এসময় কোচ সারির বিরুদ্ধে স্লোগান দেন। তাদের স্লোগানের কথাগুলো ছিল,‘তুমি জানো না তুমি কি করছো’ কিংবা ‘তুমি সকালেই বরখাস্ত হচ্ছো’।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই চেলসি তারকাদের প্রকাশ্যেই সমালোচনা করেছেন কোচ সারি। এ খেলাতেও তাদের কাউকে ইতালিয়ান কোচটির জন্য খেলতে দেখা যায়নি। তাই দেখা গেল ১১তম মিনিটের পর চেলসির কোনো শট নেই বিপক্ষের পোস্টপানে। একেতো খেলোয়াড়দের সঙ্গে টানাপড়েন, তার মধ্যে সমর্থকরাও পক্ষে নেই; সব মিলিয়ে কোচ সারির এ মৌসুম টেকা নিয়েই সংশয় বাড়ছে।
সারি অবশ্য নিজের অবস্থান নিয়ে দুশ্চিন্তায় নেই। তার দাবি তিনি কেবল ক্লাবকে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় থেকে বের করে আনা নিয়েই ভাবছেন।
সাবেক নাপোলি কোচ বলেন,‘নিজের অবস্থান নিয়ে আমি দুর্ভাবনা করেছি কেবল ইতালির লিগ টুতে থাকার সময়। এখন নয়। আমি ফলাফল নিয়ে চিন্তিত। সমর্থকদের নিয়ে নয়। অবশ্যই আমি পরিস্থিতি বুঝতে পারি। আমি সমর্থকদের ব্যাপারটা বুঝতে পারি। কারণ ফলটা তো ভালো হয়নি। আমরা এফএ কাপ থেকে ছিটকে গেলাম।’ এদিকে চেলসিকে হারানোর পর পগবা কোচের সাথে খেলোয়াড়দের পারস্পরিক আস্থার বিষয়টিকে তুলে ধরেন। তিনি বিবিসি স্পোর্টকে বলেন,‘পুরো দলের পক্ষ থেকে এটা একটা দারুণ জয়। সে জয়টা পাওয়া অত সহজ ছিল না। তারপরও আমরা এটা করে দেখিয়েছি।’
পগবা কোচ প্রসঙ্গে বলেন,‘অবশ্যই, আমি সবসময় যেমনটা বলে থাকি, আমরা হলাম ম্যান ইউনাইটেড। আমরা ট্রফি জয়ের জন্যই খেলি। তিনিও (সোলসার) দায়িত্বটা নিয়েছেন কারণ তিনি এটা করতে পারবেন বলেই। তিনি আমাদের উপর বিশ্বাস রাখেন। আমরা এর (এফএ কাপ) জন্য লড়ছি। আপনি জানেন না আদৌ এটা জিততে পারবেন কিনা। কিন্তু আমরা এর জন্য লড়ছি। নরওয়ের এই কোচ হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ম্যা ইউ’র মিডফিল্ড ও পগবা উভয়ের পারফর্মেন্সই ভালো যাচ্ছে। সেটাই দলের সাফল্যের ক্ষেত্রে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
