স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি বার্সেলোনার হয়ে আরেকটি চুক্তি নবায়ন করবেন বলে বিশ্বাস বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর। তবে তিনি জানালেন মেসি পরবর্তী সময়ের জন্যেও প্রস্তুতি নিচ্ছে তার দল।
আসছে মৌসুমের শেষে বার্সা অধিনায়কের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ক্যারিয়ার সায়াহ্নে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার ইচ্ছের কথা বহু আগেই ব্যক্ত করেছেন আর্জেন্টাইন তারকা। তার এমন আকাঙ্খার পরেও বার্তোমিউ বিশ্বাস করেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে আরও একবার চুক্তি নবায়ন করবেন মেসি। তবে মেসির অবধারিত প্রস্থানের পরের সময়ের জন্যেও প্রস্তুতি নেওয়ার কথা জানালেন তিনি।
বার্সা সভাপতির ভাষায়, ‘আমরা এ নিয়ে এখনই ভাবা শুরু করে দিয়েছি কিন্তু এটা এখনো দূর ভবিষ্যতের ব্যাপার। সে এখনো তরুণ, বয়স মাত্র ৩১ বছর, তার পারফর্মেন্সও ভালো, সে ক্রমাগত উন্নতি করেই চলেছে আমি জানি না সে এটা কিভাবে করে!’ তিনি আরও বলেন, ‘তার দুই বছর মেয়াদি একটি চুক্তি আছে কিন্তু আমি মনে করি সে ২০২১ সালের পরেও তার ক্যারিয়ারকে বাড়াবে। কিন্তু আপনাকে তরুণ প্রতিভাদের কথা ভাবতে হবে। যখন মেসি থাকবে না, তার জায়গা নেওয়ার মত কেউ নেই। এটা অসম্ভব।’
বার্তোমিউ জানান ক্লাবের দর্শন ঠিক রেখেই ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে তাদের। তিনি বলেন, ‘মেসির কাছাকাছি মানের আর কেউ নেই। সেটা বার্সাতেই হোক কিংবা অন্য কোথাও। দল কিভাবে খেলবে তা নিয়ে কোচকে ভাবতে হবে, কিন্তু বার্সা ফুটবলের ধারণাটা ঠিকই থাকবে।’
মেসি পরবর্তী সময়ের কথা ভেবেই আর্থার মেলো, ক্লেমো লংলে ও তোদিবোদের মত তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে বার্সা। পাশাপাশি বি দলের কার্লোস আলেনইয়া, রিকি পুজরাও কড়া নাড়ছেন মূল দলে। আগামী মৌসুম থেকে দলে যোগ দেবেন আয়াক্সের তরুণ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংও। বার্সা সভাপতি বি দলের খেলোয়াড়দের মূল দলে আনার ব্যাপারটিও দেখছেন বেশ গুরুত্ব দিয়েই। বার্তোমিউর ভাষায়, ‘খেলোয়াড় দলে ভেড়ানোর ক্ষেত্রে বার্সা সবসময়ই বি দলের খেলোয়াড়দের প্রাধান্য দেয়। যদি সেখানে প্রয়োজন অনুসারে কাউকে না পাই তখন আমরা তবে বাইরে খোঁজ নেবো।’
