সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ। এদিকে রাঁচিতে হালকা ঠাণ্ডা পড়ে গেছে, হালকা কুয়াশাও পড়েছে। ডিউ ফ্যাক্টরের কথা ভেবে পড়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ভারত দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ। চোটের কারণে এদিনের ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় অভিষেক হচ্ছে এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেলের। এদিকে ভারত একটি পরিবর্তন আনলেও নিউজিল্যান্ড দলে তিনটি পরিবর্তন হয়েছে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দলে এসেছেন জিমি নিশাম, অ্যাডাম মিলনে ও ইশ সোধি। বাদ পড়েছেন লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও টড অ্যাসলে।
রাঁচিতে এখনও পর্যন্ত দুটি টি-তোয়েন্টি আন্তর্জাতিক খেলে দুটিতেই জিতেছে ভারত। আজ জিতলে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা যুগের প্রথম সিরিজ জয় নিশ্চিত হবে। আগের ম্যাচে জিতলেও জয় এসেছিল শেষ ওভারে। যতটা সহজে জেতা যাবে বলে মনে করা হচ্ছিল তা হয়নি।
এদিকে জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যারা মাঠে আসবে তাদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার ইয়াদব, ঋষভ পান্থ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, হার্ষল প্যাটেল
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), জিমি নিশাম, মিতেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ইশ সোধি।
