ডা. তানজিয়া নাহার তিনা
দুগ্ধজাতীয় খাবারগুলোর মধ্যে দই খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। পুষ্টির আধার এই দই রাখা যেতে পারে দৈনিক বা সাপ্তাহিক খাদ্য তালিকায়। তবে এই দই খাওয়া নিয়ে রয়েছে কিছু ভুল ধারণা যেমন-দই অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি করে, দই খেলে ঠান্ডা লাগে কিংবা গলা ব্যথা হয়, বদহজম হয় ইত্যাদি।
গবেষণায় দেখা গেছে, পুরো উল্টো কথাগুলোই সত্য এই দই এর ব্যাপারে। দইয়ের রয়েছে নানান গুণ। ক্যালসিয়াম, ভিটামিন এ, প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ হওয়ায় এর খাদ্যমান অতি উচ্চ। দইয়ের অ্যামাইনো এসিড দুধের অ্যামাইনো এসিডের চেয়ে অতি দ্রুত হজম হয়।
এছাড়া দইয়ের ল্যাকটোব্যাসিলাস ব্যাক্টেরিয়া কোলনের ব্যাক্টেরিয়াগুলোকে উদ্দীপিত করে। ফলে কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া থেকে পরিত্রাণ মেলে। মিনারেলস এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। তাই দই নিয়ে নয় আর কোনো ভুল ধারণা।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
