নবাবগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:৪৫

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জনি (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে শনিবার (২০ নভেম্বর) দুপুরে ওই যুবককে গ্রেফতার করা হয়।
 
পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক দেব দুলাল দে জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার শিশুটিকে ওই যুবকের ঘরে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় পায় তার পরিবার।

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে জনি তাদের শিশু মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার ঘরে দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনা জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানালে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে জনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় শনিবার সন্ধ্যায় শিশুটির বড় ভাই বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেফতার দেখিয়ে রবিবার (২১ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়াও শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

ইত্তেফাক/এমএএম