সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বর্ণা বেগম (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীর।
রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুরে নসিমনের ধাক্কায় তিনি নিহত হন। এ ঘটনায় তার মেয়ে মোছা হাবিবা আক্তার (৪) আহত হয়েছে। দুর্ঘটনায় বর্ণার গর্ভের সন্তানও মারা গেছে।
বর্ণার চাচা সাহেব আলী জানান, বর্ণা তার মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিংগা বাজার থেকে দ্বাদশীর দিকে যাওয়া একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে বর্ণা ও তার মেয়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বর্ণাকে মৃত ঘোষণা করেন।
বন্যা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ১৬ ডিসেম্বর তার ডেলিভারির সম্ভাব্য তারিখ ছিল। এ ঘটনার পর নসিমনচালককে আটক করে স্থানীয়রা।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোমা প্রামানিক জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বর্ণার পেটের সন্তানও বেঁচে নেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুয়েটের বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি