টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির ধাক্কাও পিছু ছাঁড়ছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। দুই পেসারই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত।
মুস্তাফিজ সাইড স্ট্রেইন ও শরিফুল গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন। তাদের বিকল্প রাখতে শেষ ম্যাচের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বি ও ওপেনার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। শনিবার (২০ নভেম্বর) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
ডানহাতি পেসার কামরুল ও বাঁহাতি ওপেনার ইমন সিরিজ পূর্ব অনুশীলনে দলের সঙ্গেই ছিলেন। কিন্তু মূল দলে জায়গা হয়নি তাদের। অবশেষে দুজনকেই শেষ ম্যাচের জন্য দলে ডাকা হলো। দুই ম্যাচেই ওপেনিংয়ে ব্যর্থ হওয়া সাইফ হাসানের জায়গায় ইমন সুযোগ পেয়ে যেতে পারেন। বিশ্বকাপের পর অবশ্য এ তরুণকে নিয়েই বেশি আলোচনা হয়েছিল। তার আক্রমণাত্মক ব্যাটিং কাজে লাগানোর চিন্তা পরে বাদ দেওয়া হয়।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছিলেন কামরুল। নির্বাচকদের নজরে থাকলেও অভিজ্ঞ এ পেসারের জন্য জাতীয় দলের দরজা খুললো অবশেষে। দেশের হয়ে ৭ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে টেস্ট খেলেছিলেন ২৯ বছর বয়সী এ পেসার।
ইত্তেফাক/টিএ
