আইসিসি থেকে শাস্তি পেলেন শাহিন আফ্রিদি

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২০:২৮

আফিফ হোসেনের কাছে ক্ষমা চাইলেও শাস্তি থেকে রেহাই পাননি শাহিন শাহ আফ্রিদি। বল ছুড়ে মারার ঘটনায় পাকিস্তানি এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন শাহিন।

ঘটনার সূত্রপাত গত রবিবার (২০ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে ক্রিজে থাকা আফিফ হোসেনের পায়ে অযথাই বল ছুড়ে আঘাত করেন শাহিন। এমন না যে রান নিতে আগ্রহী ছিলেন আফিফ, তেমন কোনো অঙ্গভঙ্গিও দেখাননি তিনি। ছিলেন পপিং ক্রিজের ভেতরেই। কিন্তু তা দেখেও বল ছুড়ে মারায় প্রশ্নের সম্মুখীন হয়েছেন শাহিন।

ম্যাচ শেষে আফিফ হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন শাহিন আফ্রিদি

ম্যাচ রেফারি নেয়ামুর রশীদের কাছে শাহিনের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও সোহেল তানভীর, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তাতে প্রমাণিত হয় আইসিসির লেভেল ১ ও অনুচ্ছেদ ২.৯ ধারা ভঙ্গ করেছেন শাহিন। পাকিস্তানি এই পেসার শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ইত্তেফাক/টিএ