একাকিত্বে থাকা কুকুরদের জন্য ফোন আবিষ্কার করেছেন ব্রিটেন ও ফিনল্যান্ডের এ্যানিমেল-টেক বিজ্ঞানীরা। যার নাম ডগফোন। শিগগিরই একাকী কুকুরেরা যন্ত্রটি ব্যাবহার করে ঘরের বাইরে থাকা মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে দাবি করেছেন তারা।
মালিকের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে পোষা প্রাণীটি এক্সেলেরোমিটারের সাথে লাগানো একটি বল ঝাঁকাবে। সঙ্গে সঙ্গেই কাছাকাছি একটি ল্যাপটপ ট্রিগারড হয়ে মালিকের ডিভাইসে চলে যাবে ভিডিও কল।
এটি উদ্ভাবন করেছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইলিয়ানা হিরস্কিজ-ডগলাস। তাকে সহায়তা করেছেন ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা আর নিজের পোষা কুকুর জ্যাক।
হিরস্কিজ-ডগলাস প্রথমে তার ল্যাবের সহকারী কুকুর জ্যাককে শিখিয়ে দেন কীভাবে বল ব্যবহার করে কল করতে হয়। এরপর ১৬ দিন এই যন্ত্রটিকে জ্যাক ব্যবহার করে খেলনার মতো। মাঝে মাঝেই ভুল নম্বরে কল চলে গেলেও জ্যাক প্রায়ই তার মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছে। ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ করেছে তারা।
এই বিষয়ে হিরস্কিজ-ডগলাস বলেছেন, তার কুকুর বলটি তোলা ও কল করার মধ্যে যে সম্পর্ক আছে তা বুঝতে পেরেছে কি না সেটা এখনো অজানা। তবে আশা জাগানিয়া ব্যাপার যে, সে ডিভাইসটি ব্যবহার করে সফলভাবে আমাকে কল করতে পেরেছে। তবে সে ডিভাইসটি ব্যবহার করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলো বলে জানান ডগলাস।
করোনা মহামারির কারণে পোষা কুকুরগুলো তাদের মালিকের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছে। এখন আস্তে আস্তে আবারও মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরে এসেছে। মালিকেরাও জীবিকার তাগিদে বের হচ্ছেন ঘর থেকে। ফলে, পোষা কুকুরগুলো ঘরে সময় কাটাচ্ছে একাকী। ফোন উদ্ভাবনকারী দলটি আশাবাদী যে ডগফোন ব্যবহার করে পোষা কুকুরগুলো কিছুটা হলেও তাদের একাকিত্ব ঘোচাতে পারবে।
