পদত্যাগের কথা ভাবিনি, ব্রেক্সিট সময়সূচি অনুযায়ী হবে :মে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:২৮

ইত্তেফাক ডেস্ক

রাজনৈতিকভাবে প্রবল চাপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সময়সূচি আনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসবে ব্রিটেন। আমি সরে যাওয়ার কথা কখনো ভাবিনি। যারা সমালোচনা করছেন তাদের বলছি, আমি সরে গেলেই ব্রেক্সিট সহজ হয়ে যাবে না। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে থেরেসা মে এ কথা বলেছেন।

ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসা যেটা ব্রেক্সিট নামে পরিচিত তা নিয়ে ইতোমধ্যে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। থেরেসা মে ব্রেক্সিটের জন্য ইইউর সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছেন। তবে এই চুক্তির বিরোধিতা করে এরই মধ্যে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। থেরেসা মের পদত্যাগের দাবিও উঠেছে। এ অবস্থায় দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, রাজনীতি খুবই কঠিন কাজ। আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছি। আগামী সপ্তাহটা ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন। থেরেসা মে বলেন, আগামী সপ্তাহের সম্মেলনে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ক্ষেত্রে আরো কিছু বিষয়ে সম্মতি আসবে। আশা করি, টরির এমপিদের মধ্যে যাদের উদ্বেগ রয়েছে তারা সন্তুষ্ট হবে।

এদিকে জেরেমি করবিন বলেছেন, ব্রেক্সিটের ক্ষেত্রে লেবার পার্টি আরো ভালো চুক্তি করতে পারতো। অন্যদিকে যুক্তরাজ্যের হয়ে ইইউর সঙ্গে আলোচনাকারী সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডকিনিক রাব বলেছেন, চুক্তির দুই অথবা তিনটি পয়েন্টে পরিবর্তন আনা হলে আমি পদত্যাগ করতাম না। চুক্তিতে কাস্টম রিলেশন্সের ধারাটি কে যুক্ত করেছে তা আমি জানি না। এটি কনজারভেটিভ পার্টির মেনিফেস্টোর স্পষ্ট লঙ্ঘন। দেশের জন্য এটি সঠিক মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে, আমাদেরকে ভয় দেখানো হয়েছে, এটাকে ব্ল্যাকমেইলও বলা চলে।