লক্ষ্মীপুরে মো. মোহন ওরফে সুজন (১৬) নামের এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
নিহত কিশোর পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) মো. জসীম উদ্দীন জানান, সকালে খাল পাড়ে লোকজন সুজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সুজন প্রতিবেশী শামছুলের অটোরিকশা ভাড়ায় চালাতো। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সিএনজি উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে নিহত সুজনের মা খুকি বেগম ও বাবা আলাউদ্দিন জানান, অটোরিকশা চালিয়ে প্রতিরাতে বাড়ি ফিরতেন সুজন। কিন্তু রবিবার সন্ধ্যার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তারা। তাদের ধারণা, কেউ অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছে বলেও জানায় সুজনের পরিবার।
