নিজের নামে সিনেমা হল খুলছেন সালমান খান

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮:৫৭

বেশ কয়েক বছর ধরে সালমান খানের একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে বক্স অফিসে। কিন্তু তাতে কোন কিছুই আসে যায় না ভাইজানের। দর্শকদের কাছে নিজের ম্যাজিক তুলে ধরতে সালমানও নানা ছবি নিয়ে হাজির হচ্ছেন সালমান। এই যেমন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘অন্তীম’। এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে তার ভগ্নীপতি আয়ূশ শর্মাকে। তবে খবরটা একেবারেই ‘অন্তীম’ ছবি নিয়ে নয়। বরং ভাইজান এবার খুলতে চলেছেন সিনেমা হল। জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন আইনক্স, পিভিআরের সঙ্গে টেক্কা দিতে এবার সিনেমা হলের ব্যবসায় নামতে চলেছেন বলিউডের ‘দাবাং’ খান। 

সম্প্রতি এক ভারতীয় সংবাদ মাধ‍্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের ভাইজান জানান, থিয়েটার খোলার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল তার। আশা করা যায় খুব দ্রুতই শুরু করতে পারবেন তিনি তাঁর স্বপ্নের প্রোজেক্ট। সালমান বলেন, “এখনো কাজ চলছে। আমরা পরিকল্পনা করছিলাম, কিন্তু করোনা মহামারির জন‍্য সব বন্ধ করে দিতে হয়। ধীরে ধীরে আমরা শুরু করব ফের, একদিন ঠিকই খোলা হবে।”

নিজের নামে সিনেমা হলগুলো নিয়ে বিশেষ কিছু ভাবনা রয়েছে সালমানের। মেট্রো সিটিগুলিতে খোলা হবে না থিয়েটার চেইন। মূলত শহরের বাইরের দিক, মফস্বল অঞ্চল যেখানে মানুষ থিয়েটারে ছবি দেখতে পারে না, সেখানেই হলগুলি খোলার ইচ্ছা রয়েছে ভাইজানের। সাক্ষাৎকারে তিনি বলেন, “ছোট শহরে হলগুলি খোলার পরিকল্পনা ছিল আমাদের, যেখানে মানুষ থিয়েটারে ছবি দেখতে পারে না। মুম্বাইয়ের মতো বড় শহরে নয়।”

প্রথমে মহারাষ্ট্র দিয়েই প্রোজেক্ট শুরু করবেন সালমান। ধীরে ধীরে আগামী ১০ বছরে অন‍্যান‍্য রাজ‍্যগুলিতেও ছড়িয়ে পড়বে ‘সালমান টকিজ’। আগে শোনা গিয়েছিল, সলমনের এই থিয়েটার চেইনে টিকিট হবে করমুক্ত, কম দামের এবং বঞ্চিত শিশুদের জন‍্য সম্পূর্ণ বিনামূল‍্যে। তবে পুরো বিষয়টা খুব ধীরেসুস্থে, বুঝেশুনে এগোচ্ছেন সালমান।

২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পায় সালমান খানের ‘দাবাং ৩’।  তার প্রায় দেড় বছর বাদে মুক্তি পায় ‘রাধে’। তবে ‘রাধে’র ক্ষেত্রে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছিলেন সালমান। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু বেশিরভাগ দর্শক তা 'জি প্ল্যাক্স' ওয়েব প্ল্যাটফর্মেই দেখেন। তবে বহুদিন পর সিনেমা হলের দরজা খুলেছে। সালমানের আশা বক্স অফিসে হিট করবে তার নতুন ছবি ‘অন্তীম’। 

ইত্তেফাক/ইআ