ইত্তেফাক ডেস্ক
বাণিজ্য প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভাজনের কারণে শেষ পর্যন্ত সদস্য দেশগুলোর নেতাদের আনুষ্ঠানিক কোনো বিবৃতি ছাড়াই শেষ হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোটের সম্মেলন (এপেক)। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছে। এবার পাপুয়া নিউ গিনিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক জোট এপেকের সম্মেলনেও তার প্রতিফলন দেখা গেছে। বিবৃতি ছাড়া এপেক সম্মেলন শেষ করার ঘটনা এবারই প্রথম।
সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে, পাপুয়া নিউ গিনিতে একটি নৌ ঘাঁটি স্থাপনে অস্ট্রেলিয়ার প্রচেষ্টার সঙ্গে যোগ দেবে মার্কিন প্রশাসন। এ নৌ ঘাঁটি নির্মাণকে চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাসের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে ইঙ্গিত করে এ ধরনের বাণিজ্য নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যেসব দেশ সংরক্ষণবাদী নীতিকে আলিঙ্গন করেছে তারা ‘ব্যর্থতায় পর্যবসিত’ হবে। যুক্তরাষ্ট্র আর চীন শেষ পর্যন্ত বাণিজ্য প্রশ্নে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ অবস্থায় কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি প্রদান ছাড়াই শেষ হয় এপেক সম্মেলন।
