ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গত রবিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-এর (বিআরডিবি) সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিআরডিবির কার্যক্রম পর্যালোচনা করেন। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিআরডিবির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক, প্রকল্প ও কর্মসূচি পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গৃহীত বিআরডিবির সাম্প্রতিক কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি প্রবর্তনের পর থেকে এ কর্মসূচি এবং এর অনুসরণে বিআরডিবি কর্তৃক মানব সংগঠন সৃষ্টি, সঞ্চয় গড়ে তোলা, আয়, উত্সাহী প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র গ্রামীণ জনগণের সক্ষমতা ও আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উত্পাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গৃহীত কার্যক্রম ও ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
কার্যালয় পরিদর্শন
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম গত রবিবার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় করেন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম আবদুল্লাহ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার বলেন, প্রতিষ্ঠানের সফল দিক-দুর্বল দিক চিহ্নিত করে তদনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।
