রাজধানীতে অক্সি-মরফোনসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫:০২

রাজধানীর কোতয়ালী ও ধানমন্ডি এলাকা থেকে ১৩ হাজার পিস অক্সি-মরফোনসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।

গত শুক্রবার থেকে কোতয়ালী থানার বাবু বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ধানমন্ডি শাখায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. আলমগীর সরকার ও জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ সব তথ্য জানান।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার কোতয়ালী থানার বাবু বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ধানমন্ডি শাখায় অভিযান চালিয়ে অক্সি-মরফোনসহ আলমগীর ও জাহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর