পুলিশ কর্মকর্তা সাকিলকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৭:০০

দুর্নীতির মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থেকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল-এর প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে পুঠিয়া থানার ২০১৯ সালের ১১ জুনের একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজিমূলকভাবে এজাহার পরিবর্তন করেন ওসি সাকিল।

এছাড়া প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম ও বাসস্থান/ঠিকানা সম্বলিত কলামে 'অজ্ঞাতনামা' লিপিবদ্ধ করে স্বাক্ষরপূর্বক মামলা করার অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক মো. আল-আমিন (বাদী) গত ২৪ জানুয়ারি সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীতে এ মামলা করেন।

ইত্তেফাক/জেডএইচডি