প্রশ্নপত্র ফাঁস: অগ্রণী ব্যাংকের মানিককে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৭:১৪

প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা, অবৈধ লেনদেন মামলায় অগ্রণী ব্যাংকের বরখাস্ত হওয়া সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিককে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, এজাহার মতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে আসামি। অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়।

আসামি মানিক কুমার প্রামাণিকের নামে একটি গাড়ির মূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা এবং রাজশাহীতে একটি ডুপ্লেক্স বাড়ি আছে। ছদ্মনামে বেরা ট্রেডার্স নামে হিসাব খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন তিনি। তার নামে ৯টি সঞ্চয় হিসেবে ৪ কোটি আট লাখ ৫৬ হাজার তিনশ’ টাকার তথ্য পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি