শারমিনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৭:৪৮

ছেলেদের ক্রিকেটের দুর্দিনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেট। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ৩২০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে ১৪১ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন শারমিন আক্তার। 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৯ উইকেটে সর্বোচ্চ ২১১ রান করে ছিল বাংলাদেশ নারী দল। 

এটি বাংলাদেশের নারী ক্রিকেটে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।

 

ইত্তেফাক/এনঅ