করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৫৮ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩১৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও এক নারী। তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন ও চট্টগ্রাম বিভাগের দুইজন।
