জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে ৭ বছরের কন্যা শিশু তোবার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর ভাতিজি।
এলাকাবাসী জানিয়েছেন, সন্ধ্যার ঘণ্টা খানেক আগে ওই শিশুকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, নিহত শিশু আমার ভাতিজি। এখন তার মৃত্যুর কারণ আমরা খুঁজে পাচ্ছি না। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর জেনেছি। বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। রাত ১০টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করছিলেন।
