রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরকে নিয়ে নতুন ছবির ঘোষণা করে ফেললেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ছবির নাম 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। ছোট্ট টিজার দেখে আন্দাজ করা যায়, এই গল্প খেলার মাঠের।
ছোট্ট এই ভিডিও শেয়ার করে রাজকুমার রাও লিখেছেন, ‘মাঝে মধ্যে স্বপ্নকে একা তাড়া করা যায় না। জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বাঁধতে আমি উৎসাহিত আর উত্তেজিতও।’ ২০২২ সালের ৭ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
এই একই টিজার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন জাহ্নবী কপূর। তিনি লেখেন, ‘এটা খেলার পোশাক পড়ার সময়। এই গল্পটা দুটো হৃদয়ের যারা একই স্বপ্নকে তাড়া করছে।’ সেই সঙ্গে জাহ্নবী জুড়ে দেন একটি হার্ট ইমোজি ও একটি ক্রিকেটের ইমোজি।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এমন এক দাম্পত্যের গল্প যা কিনা স্বপ্নপূরণের গল্প বলে। ভিডিওতে ক্রিকেট টিমের নীল জার্সি ও বল দেখেই আন্দাজ করা যায় যে, সিনেমার গল্প ক্রিকেট নিয়ে। গল্পে রাজকুমারের নাম মহেন্দ্র এবং তার স্ত্রী ভূমিকায় অভিনয় করবেন জাহ্নবী, যে চরিত্রের নাম মহিমা।
প্রযোজনায় করণ জোহর। আর পরিচালকের আসনে থাকছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবীকে নিয়ে গুঞ্জন সাক্সেনায় কাজ করেছেন। যৌথভাবে ছবির গল্পও লিখেছেন তিনি। করণ টুইটে জানান, ‘কখনও কখনও কোনও স্বপ্নপূরণ একা হয় না। ভীষণ উচ্ছ্বসিত এই সিনেমার জন্য।’
প্রসঙ্গত, এর আগেও রাজকুমার এবং জাহ্নবী জুটি বেঁধেছেন ‘রুহি’ ছবিতে। এবার করণের হাত ধরে আরেকবার জুটি বাঁধতে দেখা যাবে তাদের।
