বগুড়ার একটি আদালতে নাশকতার মামলার আসল আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতার বদলে নকল আসামি সেজে প্রক্সি হাজিরা দিতে এসে ধরা পড়েছেন রিফাত শেখ নামে এক যুবক। জালিয়াতির মাধ্যমে হাজিরা দেওয়ার বিষয়টি ফাঁস হওয়ার পর সংশ্লিষ্ট মামলার আসল আসামি বগুড়া শহর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান ওরফে মন্টি তাত্ক্ষণিকভাবে আদালতে হাজির হন। কিন্ু্ত হাজিরায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় আদালতের বিচারক আসল-নকল দুই আসামিকেই আটক করে তাঁদের বিরুদ্ধে ৪১৬ ধারায় নিয়মিত মামলা করার মাধ্যমে কারাগারের পাঠানোর নির্দেশ দেন । একই সঙ্গে নকল আসামি হাজিরার মাধ্যমে আদালতে জালিয়াতির আশ্রয় নেওয়ায় আসামি পক্ষের আইনজীবী আবদুস সালামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলকে নির্দেশ দেন বিচারক।
মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক বেগম ইসরাত জাহানের আদালতে এই ঘটনা ঘটে। মশিউর রহমান বগুড়া শহরের কামারগাড়ি এলাকার নুরুল আলম এবং রিফাত শেখ একই এলাকার হাফিজার শেখের ছেলে।
আদালত সূত্র জানায়, বগুড়া শহরের কইপাড়া বাজারে একটি সেলুনের দোকানে হামলা, ভাঙচুুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে ২০১৩ সালের ১৬ আগস্ট বগুড়া সদর থানায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি তত্কালীন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা মশিউর রহমান মন্টিসহ কয়েকজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই অভিযোগপত্রে মশিউর রহমান মন্টিকে ৪ নং আসামি করা হয়। এই মামলা মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
