দৌলতপুরে বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩০

কুষ্টিয়ার দৌলতপুরে দু-দল ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত।

গতকাল মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা স্থানে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের মাঠের কাটাদহ নামক স্থানে দু-দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গোলাগুলির শুরু হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাত সদস্যকে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী গরুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন মুফা (৪৫) ও মথুরাপুর ইউপির কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪২)।

ওসি আরো জানান, এসময় দুই পুলিশ সদস্য আসাদুল ও জিয়া আহত হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।