চারণকবি বিজয় সরকারের ১১৭তম জন্মদিন আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১১৭তম জন্মদিন আজ (২০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে নড়াইলের চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে কবির বসতভিটা নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নগরকীর্ত্তন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, প্রসাদ বিতরণ ও বিজয়গীতি পরিবেশন, বিজয়গীতি, জারিগান ও আলোচনা সভা।

কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সংগীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন তিনি। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

বিজয় সরকার গেয়েছেন-‘পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...।’ প্রিয়জনের উদ্দেশ্যে লিখেছেন-‘তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা...।’